নিজস্ব প্রতিবেদক // পাঁচ বছর পর সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উপলক্ষে বুধবার (২০ ডিসেম্বর) সিলেট নগরীতে আজ সাজ সাজ রব। প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন সিলেটের মানুষ।
প্রধানমন্ত্রীর জনসমাবেশে আসা সবার জন্য সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মাঠে প্রায় দুই লাখ আধা লিটারের পানির বোতলের ব্যবস্থা করেছেন। আলিয়া মাদরাসা মাঠের চতুর্দিকে সারি সারি পানির বোতলের পশরা সাজিয়ে রাখা হয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে সমাবেশস্থলে আসা মানুষের জন্য এই পানি স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে।
আগত নেতাকর্মীদের যাতে করে তাদের পিপাসায় পানির জন্য কষ্ট করতে না হয় সেজন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে এই পানির ব্যবস্থা করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর আগমনে সিলেটের মানুষ উচ্ছ্বসিত। মানুষজন দূর-দূরান্ত থেকে সিলেট নগরীতে এসেছেন। রোদের মধ্যে তারা দীর্ঘক্ষণ সমাবেশস্থলে থকবেন। তাদের যাতে পানির কষ্ট না হয় সেজন্য এই ব্যবস্থা করে রাখা হয়েছে।
সিলেট নগরীর চৌহাট্টায় বর্ণিল সাজে নৌকা প্রতীক মাথায় নিয়ে প্রধানমন্ত্রীর সমাবেশে এসেছেন নৌকা প্রেমিক রুবেল। মৌলভীবাজার থেকে সমাবেশের জন্য তিনি সিলেট এসেছেন এখন প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন। সমাবেশ শুরু হলে তিনি মাঠে প্রবেশ করবেন।
শেখ হাসিনার জনসভা ঘিরে সিলেটে উজ্জীবিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সিলেটজুড়ে বইছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার-ফেস্টুনে সেজেছে সিলেট নগরী। নগরীর ব্যস্ততম সড়কগুলো সেজেছে বর্ণিল সাজে। জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে করতে কাজ করেছেন নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নগরীজুড়ে বৃদ্ধি করা হয়েছে পুলিশের টহল। সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জনসভা মঞ্চ ও আশপাশ এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা।








