
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে এ নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডাচ রাষ্ট্রদূত বরিশাল নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডস সরকারের ইতিবাচক আগ্রহের কথা জানান। তিনি বিশেষ করে শিক্ষা, পানি ব্যবস্থাপনা ও কৃষি—এই তিন খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
শিক্ষাক্ষেত্রে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও দক্ষতা উন্নয়নে সহায়তা, বরিশালের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় টেকসই পানি ব্যবস্থাপনা এবং কৃষি প্রযুক্তির আধুনিকায়ন ও নদীভিত্তিক কৃষি ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নেদারল্যান্ডস সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। বরিশাল নগরীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে দুই পক্ষ যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।