
বাউফল প্রতিনিধি // ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাদবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. কবির হোসেন খান। সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেত্রী ও আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোসা. আলেয়া বেগম। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী–২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মো. শহিদুল আলম তালুকদার। বিশেষ অতিথি ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু পলাশ কুমার দাস, ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, বিএনপি নেতা শাহিন রেজাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ মিছিল সহকারে জনসভায় যোগ দেন। জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং পটুয়াখালী–২ আসনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে জনগণের সহযোগিতা কামনা করেন।