জানা যায়, উপজেলা ভূমি অফিসে নামজারি করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের নজরে এলে তিনি অভিযোগের সত্যতা যাচাই করেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
একই সঙ্গে ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া অর্থ উদ্ধার করে তাঁর হাতে ফিরিয়ে দেওয়া হয়। প্রশাসনের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষকে ভূমিসেবা গ্রহণে হয়রানি, প্রতারণা ও অতিরিক্ত অর্থ আদায়ের মতো অনিয়ম থেকে সুরক্ষা দিতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল জানান, বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত করা এবং সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের ভূমিসেবা প্রাপ্তি সহজ করা, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করা এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।