
নিজস্ব প্রতিবেদক // বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বগুড়া শহরের চক ফরিদ এলাকায় ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান এ তথ্য জানান।
মৃত ফাবিয়া তাসনিম সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেড় বছর আগে এ কলেজে যোগদান করেন। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।
পুলিশ পরিদর্শক মাহফুজার রহমান বলেন, অবিবাহিত সিধি চক ফরিদ এলাকার ডা. রাশেদুল হাসানের বাড়ির তিন তলায় ভাড়া বাসায় মা সারাবান তহুরাকে নিয়ে থাকতেন। কয়েকদিন আগে তার মা গ্রামের বাড়িতে যান। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেয়ে ফোন না ধরায় মা তহুরা রাত ১০টার দিকে বগুড়ায় আসেন। অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে বাসার বাথরুমে সিধির লাশ পায়।
মৃতের নাক দিয়ে রক্ত ঝরছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন ছাড়াও জিহ্বাতে কামড়ের দাগ পাওয়ার দাবি করেছেন পুলিশ পরিদর্শক মাহফুজার রহমান।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়া ঘটনাটি নিয়ে তদন্ত করছে পুলিশ।