গতকাল বুধবার রাতে উপজেলার মাদবরচর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সিরাজ শিকদারের ছেলে স্পিডবোটচালক সুমন শিকদার (২৬)। ভুক্তভোগী নারী একই এলাকার লিটু হাওলাদারের মেয়ে সাদিয়া আক্তার (২০)।
পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর আগে সুমন শিকদারের সঙ্গে সাদিয়া আক্তারের প্রণয় থেকে বিয়ে হয়। তাদের ঘরে এক শিশুকন্যা সন্তানও রয়েছে।
তবে সংসার জীবনের শুরু থেকেই সুমন মাদকসেবী হওয়ার কারণে সংসারে অশান্তি লেগেই ছিল। সম্প্রতি এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করলে তাদের তালাক হয়ে যায়।
কিন্তু তালাক হওয়ার পরও মাদকাসক্ত সুমন দফায় দফায় সাদিয়ার বাবার বাড়িতে হামলা চালাতেন। এ নিয়ে সাদিয়া থানায় অভিযোগ করলে শিবচর থানার এসআই ইজারত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ সুমনের বাড়িতে গিয়ে তাকে শাসিয়েও আসে।
সূত্র আরও জানায়, সাদিয়ার আগামী সপ্তাহে অন্যত্র বিয়ে হওয়ার কথা ছিল। এ নিয়ে সুমন খুব ক্ষিপ্ত হয়ে উঠে। এ কারণে বুধবার রাত ১০টায় সুমন কয়েকজনকে নিয়ে সাদিয়ার ওপর অ্যাসিড ছুড়ে মারে।
এতে সাদিয়ার মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। পরবর্তী সময়ে স্বজনরা সাদিয়াকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে গুরুতর অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করে।
সাদিয়ার বড় বোন বলেন, ‘আমার বোন মেয়েকে নিয়ে খেলছিল। এমন সময় ওর মাথায় অ্যাসিড ঢেলে দেয় সুমন । ওর মাথাসহ সারা শরীর ঝলসে গেছে।’
জানতে চাইলে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকুর রহমান বলেন, আক্রান্ত নারীর মাথা মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। পোড়ার ধরন দেখে অ্যাসিড মনে হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একাধিক টিম আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।








