1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

  • প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের ঘটনায় গাজীপুরের অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে আজ রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ছাড়া সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নেন। এ সময় তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেন। ফলে সেখানে আর কোনো বিশৃঙ্খলা হয়নি।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা সকালে পৃথক স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা তা পারেননি। শিল্প এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাহিনীর সদস্য মোতায়েন আছে।

কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন। আজ থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ এক নোটিশে উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর ও কর্মকর্তা–কর্মচারীদের ওপর হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানোর পরও মজুরি ঘোষণার দাবিতে বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তারা রক্তাক্ত ও আহত হন। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬–এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফার ইস্ট ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews