
ট্রেইনি চিকিৎসকরা জানান, তারা মাসে ২০ হাজার টাকা ভাতা পান। এ ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি তাদের।
পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসেন বলেন, ছয় মাস ধরে আমাদের সমস্যাগুলো জানাতে এবং ভাতা বাড়াতে সরকারের নানা দপ্তরে যাচ্ছি। সবাই বলছেন, আমাদের দাবি যৌক্তিক। কিন্তু সে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে কর্মবিরতির ডাক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
এ বিষয়ে একাধিক হাসপাতালের পরিচালক বলছেন, প্রতিটি হাসপাতাল ডেঙ্গু আক্রান্ত রোগীতে সয়লাব। এখন শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে চিকিৎসা সেবায় বিপর্যয় নেমে আসতে পারে। কারণ, প্রতিটি সরকারি হাসপাতালেই চিকিৎসা দেন এ চিকিৎসকরাই। তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান চিকিৎসকরা।
জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে এফসিপিএস, এমডি, এমএস ডিপ্লোমা কোর্সের ডিগ্রিধারী এ চিকিৎসকরা মাত্র ২০ হাজার টাকা মাসিক ভাতা পান। তাদের দাবি, সরকারি অন্য পেশার লোকজন অনেক বেশি বেতন-ভাতা পাচ্ছেন। কিন্তু চিকিৎসকরা অবহেলার শিকার। তাদের নামে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা অপ্রতুল। এ কারণে তাদের ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন ট্রেইনি চিকিৎসকরা।