
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধি // লালমনিরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
লালমনিরহাট ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মকবুল হোসেনসহ আটজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মো. মকবুল হোসেন (৩৪), রংপুরের গঙ্গাচড়ার মো. মিলন মিয়া (৩০) হাতীবান্ধা উপজেলার মো. রাকিব হোসেন (২৩) , মো. সোহেল রানা সাবু (২৪), মো. মাসুদ রানা (২২), দক্ষিণ ধুবনীর মো. আল-আমিন (২২), বাড়াইপাড়ার মো. জাহিদ ইসলাম (১৮) এবং দক্ষিণ বাড়াইপাড়ার মো. রহমতুল্লাহ (১৮)।
ডিবি পুলিশ জানায়, প্রথমে জেলার কালীগঞ্জ উপজেলার বাজারের তেতুলতলা এলাকায় মকবুল মেকার নামের একটি দোকানে অভিযান চালিয়ে মকবুল হোসেন ও তার সহযোগী মিলন মিয়াকে আটক করা হয়। এ সময় একটি নম্বরপ্লেটবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার হাতীবান্ধা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযানের ঘটনা জানার পর ওই চক্রের অনেকে পালিয়ে গেছে।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো , অ্যাপাচি ৪বি ১৫০ সিসি (সাদা-নীল) ১টি, অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি (নীল) ১টি, ডিসকভার ১২৫ সিসি (লাল-কালো) ১টি, ডিসকভার ১১০ সিসি (লাল-কালো) ১টি, ডিসকভার ১০০ সিসি (নীল-কালো) ১টি। মোট ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার একটি সূত্র জানায়, গ্রেফতার ও পলাতকরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ ও হাতীবান্ধা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে এই চক্রের অন্যান্য সদস্যদের ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।