
আজ সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে এই শুনানি শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলে। স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা শুনানিতে অংশ নেন।
শুনানি শেষে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, প্রথম দিনে মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছে। ১৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, আজ শুনানিকৃত ৭০টি আপিলের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের প্রার্থিতা বাতিল চেয়ে একটি আবেদন করা হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন ওই আবেদন মঞ্জুর করে, ফলে তাঁর প্রার্থিতা বাতিল হয়। এ ছাড়া এদিন আরও ১৫টি আপিল নামঞ্জুর হওয়ায় প্রথম দিনের শুনানি শেষে মোট ১৬ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হলো।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) তা শেষ হয়। আপিল গ্রহণের শেষ দিনেই সর্বোচ্চ ১৭৬টি আপিল জমা পড়ে।
আজ শনিবার থেকে শুরু হওয়া আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ২৮০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হবে।