
গৌরনদী প্রতিনিধি // গৌরনদীতে খাল দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান টরকী-বাশাইল খাল খননে সরকারি অনুমোদন, শিগগিরই শুরু হবে কাজ। বরিশালের গৌরনদীতে জলাবদ্ধতা নিরসন, খালের নাব্যতা ফিরিয়ে আনা ও পরিবেশ সুরক্ষায় খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ১ নম্বর ওয়ার্ডের টরকী বন্দর সংলগ্ন বাশাইল খালে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিমের নির্দেশনা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে গৌরনদী পৌরসভা এ পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে খালের বিভিন্ন অংশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং টরকী বন্দরের অবৈধভাবে দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদে কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম বলেন, টরকী-বাশাইল খাল খনন, জলাবদ্ধতা নিরসন এবং খালের নাব্যতা ফিরিয়ে আনতে সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিগগিরই খননকাজ শুরু করা হবে। তিনি বলেন, শুধু সাময়িকভাবে খাল পরিষ্কার নয়, দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুব শরীফ, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম কাফী। এ ছাড়া গৌরনদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গৌরনদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন। স্থানীয়দের আশা, টরকী-বাশাইল খাল পুনরুদ্ধার ও খনন সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা অনেকটাই কমবে এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে।