নিজস্ব প্রতিবেদক // কক্সবাজার উপকূলবর্তী সাগরে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল, অস্ত্র ও গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন।
আটককৃতরা হলেন- কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়েনের মো. বাদশা (২৭), মুসালিয়া সিকদার পাড়ার মো. মারুফুল ইসলাম (২২), একই উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুলেখাবিবির পাড়ার রায়হান উদ্দিন (২২), পেঁচারপাড়ার এরশাদুল ইসলাম (২০), সাহারুম সিকদার পাড়ার মো. রাফী (১৯) এবং চট্টগ্রামের ইপিজেড থানার নারিকেলতলা এলাকার মো. আল-আমিন (২৫)।
সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেন বলেন, সম্প্রতি বঙ্গোপসাগরের বিভিন্ন উপকূলে কয়েকটি জলদস্যুর দল সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েকদিন আগে ভুক্তভোগী এক জেলে র্যাবের কাছে অভিযোগ করেন, তার ট্রলার সাগরে জলদস্যুতার শিকার হয়েছে। পরে র্যাব সাগর উপকূলের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে র্যাব জানতে পারে যে, ১০ থেকে ১২ জনের জলদস্যু দল ট্রলারে গত ২১ জানুয়ারি ডাকাতির উদ্দেশে বঙ্গোপসাগরে যান। জলদস্যু দলটি গত ২২ জানুয়ারি সাগরে মাছ ধরার একটি ট্রলারে ডাকাতি করে।’
র্যাব কর্মকর্তা বলেন, ‘ভূক্তভোগী জেলের তথ্যের ভিত্তিতে র্যাব ২৫ জানুয়ারি থেকে বাঁকখালী নদীর মোহনা ও মহেশখালী উপকূলের মোহনায় অভিযান শুরু করে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মহেশখালী উপকূলবর্তী সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে র্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে জলদস্যুরা উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা কয়েকটি গুলি ছুড়ে। এক পর্যায়ে জলদস্যুদের ট্রলারটি র্যাব জব্দ করতে সক্ষম হয়।’
তিনি জানান, ট্রলার থেকে ৬ জন জলদস্যুকে আটক করতে সক্ষম হলেও ৪/৫ জন সাগরে ঝাপ দিয়ে পালিয়ে যান। এ সময় ট্রলারতে তল্লাশী চালিয়ে এবং আটকদের হেফাজত থেকে দেশীয় তৈরি ৩টি বন্দুক, ১৩টি গুলি এবং ৩টি ধারালো দা উদ্ধার করা হয়। আটকৃত প্রত্যেকেই জলদস্যু দলের সদস্য এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।








