
স্পোর্টস ডেস্ক // আসন্ন আইপিএলের নিলামে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের। সম্প্রতি ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া ৩৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার জানিয়েছেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় ও অর্থসমৃদ্ধ টি-টোয়েন্টি লিগটিতে খেলার জন্য নিলামে নাম লেখাবেন না তিনি। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের ২০২৭ সালের নিলাম।
ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দুবাই থেকে পাঠানো বার্তায় আমির বলেন, ‘না, আমি নিলামের জন্য নাম নিবন্ধন করছি না।’
পাকিস্তানের হয়ে ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আমির। এর মধ্যে রয়েছে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি। সম্প্রতি ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় আইপিএলের নিলামে তার অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে আলোচনা ছিল। কারণ, পাকিস্তানি ক্রিকেটারদের এই লিগে খেলার অনুমতি নেই।
প্রথম আসরের পর থেকে আইপিএলে পাকিস্তানের কোনো ক্রিকেটার খেলেননি। তবে ব্রিটিশ পাসপোর্ট থাকায় আজহার মাহমুদ কয়েক মৌসুম এই লিগে খেলেছিলেন। আমিরেরও ব্রিটিশ নাগরিকত্ব থাকায় নিলামে নাম লেখানোর সুযোগ ছিল। যদিও দল পাওয়ার নিশ্চয়তা ছিল না।
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, আইপিএলের নিলামে অংশ নিতে আগ্রহী বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ২৩ নভেম্বর। ইংল্যান্ডে এখন ঘরোয়া ক্রিকেটার হিসেবে বিবেচিত হওয়ায় আমির চাইলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের মাধ্যমে নাম নিবন্ধন করতে পারতেন।
সম্প্রতি নটিংহামভিত্তিক দল ট্রেন্ট রকেটসের হয়ে ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় বিদেশি ক্রিকেটার নয়, স্থানীয় খেলোয়াড় হিসেবেই খেলেছেন তিনি। সোমবার যুক্তরাজ্যের নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের খেলোয়াড় বাছাইয়েও নাম লিখিয়েছেন আমির।
পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭১টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।