
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে প্রবেশ করে গাছ কেটে নেওয়া ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. কাজী ইউনুস ছয়জনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জয়শ্রী গ্রামের কাজী মো. ইউনুস গংয়ের সঙ্গে মো. রশিদ সরদার গংয়ের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা চলমান রয়েছে।
কাজী মো. ইউনুসের দাবি, ওয়ারিশ ও ক্রয়সূত্রে এসএ রেকর্ড অনুযায়ী তারা বিরোধীয় জমির মালিক এবং দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। অভিযোগে বলা হয়, জয়শ্রী মৌজার ৮৩ নম্বর জেএল, ২৬৪ নম্বর এসএ খতিয়ানের ১২৫ নম্বর দাগের ৬৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে।
অভিযোগকারী পক্ষের ভাষ্য অনুযায়ী, ওই জমি নিয়ে মো. রশিদ সরদার গং আদালতে নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত বিরোধীয় জমি যে অবস্থায় এবং যার ভোগদখলে রয়েছে, সে অবস্থায় রাখার নির্দেশ দেন।
তবে কাজী মো. ইউনুসের অভিযোগ, আদালতের ওই নির্দেশনা থাকা সত্ত্বেও গত ২৭ সেপ্টেম্বর মো. রশিদ সরদার গং বিরোধীয় জমিতে প্রবেশ করে কয়েকটি গাছ কেটে নিয়ে যান এবং জমি দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তাদের ধাওয়া করা হয় এবং দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন ও অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় কাজী মো. ইউনুস বাদী হয়ে মো. রশিদ সরদার (৬০), মো. জাহাঙ্গীর সরদার (৫০), মো. রফিক সরদার (৬৫), মোসা. রহিমোন বেগম (৫৫), মোসা. সমর্থবান বেগম (৫৫) ও মোসা. মমতাজ বেগম (৫৫)-এর নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
তবে অভিযোগে উল্লেখ করা ঘটনাগুলো ও আদালতের নিষেধাজ্ঞা অমান্যের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আইনি বিষয়টি আদালত ও তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার বিষয় হওয়ায় অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ।