
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। নিহত তিনজনই বন্ধু এবং চলতি বছর এসএসসি পাস করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে সৌরভ, রিপন হাওলাদারের ছেলে তাওহীদ এবং ধামসর গ্রামের সবুজের ছেলে মোস্তাকিন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটকে দেন। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার কারণ ও বাসটির চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।