
রাসেল কবির, বরিশাল: বরিশাল জেলার কাজিরহাট থানার ২ নম্বর লতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উদয়পুর গ্রামে এক প্রবাসীর বসতঘরে সিদ কেটে চুরির ঘটনা ঘটেছে। গত ১৯ জুন গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মৃত রশিদ হাওলাদারের ছেলে প্রবাসী ইমরানের বাড়িতে রাতের আঁধারে চোরেরা প্রবেশ করে নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
প্রবাসী ইমরানের মা কহিনুর বেগম বলেন, “প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম থেকে উঠে দেখি বসতঘরের দরজা খোলা। সন্দেহ হলে ঘরের ভেতর ঘুরে দেখি স্টিলের আলমারি ভাঙা এবং তল্লাশি করে জানতে পারি সেখানে রাখা ১০ হাজার টাকা নেই।”
তিনি আরও জানান, পরে ঘরের বাইরে গিয়ে পশ্চিম পাশের দেয়ালে সিদ কাটা দেখতে পান। ধারণা করা হচ্ছে, চোরেরা ওই সিদ দিয়ে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলে একটি লোহার সাবল ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের অভিযোগ, এলাকার কিছু মাদকসেবী নেশার টাকার যোগান দিতে বিভিন্ন সময় চুরি-ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। গভীর রাতে সংঘবদ্ধভাবে তাদের ঘোরাফেরা করতেও দেখা যায় বলে দাবি করেন তারা।
এ বিষয়ে লতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “চুরির ঘটনার কথা শুনেছি। বিষয়টি দুঃখজনক।”
কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত কর্মকর্তা এসআই মো. আনিস মিয়া বলেন, “সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে এসে সিদ কাটা স্থান পরিদর্শন করেছি। সেখান থেকে একটি লোহার সাবল উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ভুক্তভোগী থানায় এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।