
নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে গতকাল ৬২৪ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।
তিনি জানান, সম্প্রতি কিশোর অপরাধ উল্লেখযোগ্য মাত্রায় পরিলক্ষিত হওয়ায় জেলাজুড়ে এই অভিযান চালানো হয়। জেলা পুলিশের ১৮টি থানাসহ বিভিন্ন ইউনিট পৃথক পৃথক অভিযানে অংশ নেয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক অর্ধেকের বেশি কিশোরকে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
যারা এখনো আটক, তারা মাদক বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত কি না, তা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কিশোর বয়সীদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালানো হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।
১৮ থানার মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৭৫ জন, দাউদকান্দি থানায় ৫৯ জন, বুড়িচং থানায় ৫০ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪৬ জন, মনোহরগঞ্জ থানায় ৪১ জন ও লাকসাম থানায় ৩৫ জনকে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ওপর নজর রাখা হচ্ছে।