
গৌরনদী প্রতিনিধি // উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে বিএনপি নেত্রীর জমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের। ওই গ্রামের মৃত আব্দুল হক সরদারের মেয়ে পদবিহীন বিএনপি নেত্রী রেবেকা সুলতানা রিয়া অভিযোগ করে বলেন, আমার পৈত্রিক পুকুর পাড় দিয়ে প্রতিবেশি ছত্তার ফকিরের দোকান পর্যন্ত ১২টি পরিবারের লোকজন চলাচল করেন। এতে আমরা কখনো বাঁধা দেইনি। স¤প্রতি আমাদের পরিবারের কাউকে না জানিয়ে আমাদের পুকুর পাড় দখল করে জোরপূর্বক ভাবে সরকারি প্রকল্পের মাধ্যমে ইটের সলিং রাস্তা নির্মান কাজ শুরু করেন বাটাজোর ইউনিয়নের সংরক্ষিত সদস্যা পারভীন বেগম এবং ইউনিয়ন বিএনপির আহবায়ক আজাদ প্যাদা। বিষয়টি উপজেলা প্রশাসন এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করার পর রাস্তা সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি (ইউএনও) উভয়পক্ষের জমির ওপর দিয়ে রাস্তা নির্মানের জন্য নির্দেশনা প্রদান করেন। তবে ইউএনওর নির্দেশ উপেক্ষা করে বর্তমানে আমার পুরো জমির ওপর দিয়ে রাস্তা নির্মান করা হচ্ছে। রাস্তা নির্মান বন্ধ করার জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে জানতে বাটাজোর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আজাদ প্যাদাকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিফ করেননি। তবে এরআগে তিনি বলেছিলেন, ওই রাস্তার আমি ঠিকাদার কিংবা বাস্তবায়নকারী কোনটাই না। তবে রাস্তাটি একশ’ বছরের পুরনো। এজন্য রাস্তাটি যাতে ইট সলিং হয় সেজন্য সুপারিশ করেছি। বাটাজোর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য এবং রাস্তা নির্মানের প্রকল্প সভাপতি পারভীন বেগম বলেন, উভয়পক্ষের জমির ওপর দিয়ে রাস্তা নেওয়া হয়েছে। ইউএনও স্যারের সিদ্ধান্ত উপেক্ষা করা হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, আমরা সরেজমিন পরিদর্শন করে রাস্তা নির্মানের যেই সিদ্ধান্ত দিয়েছি তা বাস্তবায়ন না করে যদি অভিযোগকারীর জমির ওপর দিয়ে পুরো রাস্তা নেওয়া হয় এবং সত্যতা পাওয়া যায় তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।