
গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে নিজ ঘরে একাকী বসবাস করা আবদুল খালেক খন্দকার (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানায় তাঁর মরদেহ পাওয়া যায়। বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিলগ্রাম এলাকার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবদুল খালেক ওই গ্রামের মৃত হোসেন খন্দকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল খালেক বিলগ্রাম বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন। গত সোমবার সর্বশেষ তাঁকে বাজারে দেখা গিয়েছিল। এরপর থেকে স্থানীয়রা আর তাঁকে বাইরে বের হতে দেখেননি। বুধবার সন্ধ্যায় তাঁর বসতঘরের পাশ দিয়ে যাতায়াতের সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা দুর্গন্ধ পান। পরে তাঁরা ঘরের কাছে গিয়ে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। এ সময় তাঁদের সন্দেহ হলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। সেখানে বিছানায় পড়ে থাকা আবদুল খালেকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুর আলম সরদার জানান, আবদুল খালেক একাই ওই বসতঘরে বসবাস করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে ঢাকায় থাকেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।