
গৌরনদী প্রতিনিধি // ‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলা প্রশাসন, গৌরনদীর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং উৎপাদনশীলতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে একই সময়ে ও একই সম্পদ ব্যবহার করে অধিক উৎপাদন সম্ভব হয়, যা ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভায় জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ, দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।