
স্টাফ রিপোর্টার // ঝালকাঠি সদর উপজেলার সিরজুক ইউনিয়নের প্রতাপপুর গ্রামে জমি বাঁধা (বন্ধক) নেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ডেইলি ব্রিজ সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত কৃষক মো. আউয়াল হাওলাদার (৫৫),
পিতা : মৃত গেরদে আলী হাওলাদারের ছেলে। অভিযোগ অনুযায়ী, পূর্ববিরোধ ও জমি বাঁধা নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন সকালে আউয়াল হাওলাদার ও তার স্ত্রীর সাথে শাহিনুরের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় শাহিনুর শেখেরহাট পুলিশ ফাঁড়ি থেকে সাথে করে পুলিশ নিয়ে বাড়িতে আসেন। পুলিশ উভয় পক্ষকে রাত ৯ টায় শেখেরহাট পুলিশ ফাঁড়িতে উপস্থিত থাকার জননির্দেশনা দিয়ে চলে যান। পুলিশ বিদায় দিয়ে আউয়াল বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলে সুভেল, বাদল, মুন্না, ছুম্মান, মাহিনুর বেগমসহ আরও ৪-৫ জনের সহযোগিতায় রাসেল তার পথ রোধ করে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র, বিশেষ করে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আউয়াল হাওলাদারকে গুরুতর রক্তাক্ত জখম করে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে ওই ওয়ার্ডের কর্মরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা এলাকার সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের ভয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কে রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।