1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দেশের কৃষি উৎপাদন সচল রাখতে দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার। মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকেও ইউরিয়া সার কেনা হবে। এসব সার কিনতে মোট ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার আটটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে জিটুজি পদ্ধতিতে ৬০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। চুক্তির আওতায় দশম লটে ৩০ হাজার টন সার আমদানিতে ব্যয় হবে ২৪৪ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩৯৫ টাকা। প্রতি টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার।

একই প্রতিষ্ঠানের কাছ থেকে ১১তম লটে আরও ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২৪৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৫৬০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৩৩ মার্কিন ডলার।

এ ছাড়া মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে দুই লটে মোট ৮০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এর মধ্যে চুক্তির ঐচ্ছিক ষষ্ঠ লটে ৪০ হাজার টন সার আমদানিতে ব্যয় হবে ৪২৩ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯২০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ মার্কিন ডলার।

আর অষ্টম লটে আরও ৪০ হাজার টন ডিএপি সার আমদানিতে একই পরিমাণ অর্থ ব্যয় হবে। এ লটেও প্রতি টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ মার্কিন ডলার।

অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুই লটে মোট ৮০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে।

এর মধ্যে ঐচ্ছিক প্রথম লটে ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২১৪ কোটি ১০ হাজার টাকা। প্রতি টনের দাম পড়বে ৪৩২ দশমিক ৫০ মার্কিন ডলার। ঐচ্ছিক দ্বিতীয় লটে আরও ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা। এ লটে প্রতি টনের দাম পড়বে ৪৩০ দশমিক ৮৩ মার্কিন ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনস লিমিটেড থেকে ৪৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় লটের এ সার সিএফআর ভিত্তিতে কিনতে ব্যয় হবে ২৮৯ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৮৬৫ টাকা। প্রতি টনের দাম পড়বে ৫১৯ দশমিক ১৭ মার্কিন ডলার।

দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকেও ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। ২০২৬-২৭ অর্থবছরের পঞ্চম লটের এ সার কিনতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ ২০ হাজার ২৫০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৪১০ দশমিক ৮৭৫ মার্কিন ডলার। এর মধ্যে মূল সারমূল্য ৪০৫ দশমিক ৮৭৫ ডলার এবং ব্যাগিং চার্জ ৫ ডলার।

সবমিলিয়ে মরক্কো থেকে ১ লাখ ৪০ হাজার টন টিএসপি ও ডিএপি সার এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাফকো থেকে ১ লাখ ৫৫ হাজার টন ইউরিয়া সার সংগ্রহ করবে সরকার। আটটি প্রস্তাবে মোট ২ লাখ ৯৫ হাজার টন সার কেনায় ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews