1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু, গণগ্রেপ্তার নয় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু, গণগ্রেপ্তার নয়

  • প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০ 0 বার সংবাদি দেখেছে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও নানা ধরনের নাশকতামূলক কর্মকা-ে উদ্বেগ বাড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে। বিচ্ছিন্নভাবে এসব ঘটনার তদন্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি এবার নাশকতার পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে পুলিশ। মাঠপর্যায়ে সরাসরি হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যের অর্থায়নকারী, পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও সমন্বয়কারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ককটেল ও বিস্ফোরক তৈরির উপকরণের উৎস, সরবরাহকারী এবং এসবের সঙ্গে জড়িত চক্রের সন্ধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সন্দেহভাজন নাশকতাকারীদের বাড়িতে অভিযান, সীমান্তবর্তী জেলাগুলোয় বাড়তি সতর্কতা, গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট জোরদার করার পাশাপাশি আগাম তথ্যের ভিত্তিতে নাশকতা প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে অভিযানের নামে গণগ্রেপ্তার বা নিরীহ মানুষকে হয়রানি না করার বিষয়েও সতর্ক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সন্দেহভাজন নাশকতাকারীদের অবস্থান শনাক্ত করে তাদের বাড়িতে অভিযান চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য বলছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ঢাকা ও দেশের ৬ জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা মহানগর ও বাইরের ১২ জেলায় যানবাহনে আগুন দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবারের মধ্যে এসব ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম মহানগর এলাকায়ও তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখারী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুর জেলায় ১৫টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় দুটি করে গাড়িতে আগুন দেওয়া হয়। গতকাল গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ করে বিক্ষোভ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এদিকে গত তিন দিন ধরে সারাদেশে চলমান নাশকতার ঘটনার প্রেক্ষাপটেই আইজিপি আলী হোসেন ফকির ঢাকার সব ইউনিটের প্রধান, সব অতিরিক্ত আইজিপিকে পুলিশ সদর দপ্তরে বৈঠক করেন। বৈঠকে ৬৪ জেলার পুলিশ সুপার, সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এরপর মাঠ পুলিশের কর্মকর্তাদের নাশকতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ ছাড়া পুলিশের টহল জোরদার, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর এই চার জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতেও বলেছেন। বৈঠকে নাশকতা প্রতিরোধে শুধু ঘটনার পর ব্যবস্থা গ্রহণ নয়, বরং ঘটনার আগেই তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এই নির্দেশনার পর গতকাল সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, যানবাহন চলাচলের পথ এবং জনসমাগমস্থলে বাড়ানো হয় পুলিশি নজরদারি। রাত থেকে বিভিন্ন এলাকায় শুরু হয় বিশেষ অভিযান।

পুলিশের এবারের অভিযানে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, তাদের সহযোগীদের খুঁজে বের করা, অর্থের উৎস অনুসন্ধান এবং বিস্ফোরক তৈরির উপকরণ সরবরাহের পথ শনাক্ত করা। একই সঙ্গে এসব ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্র বা নেটওয়ার্ক কাজ করছে কিনা, তা তদন্তের আওতায় আনার নির্দেশনা রয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নাশকতার ধরনে পরিবর্তন এসেছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়া এবং গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে বিস্ফোরক নিক্ষেপের ঘটনা ঘটছে। এসব ঘটনায় কারা সরাসরি অংশ নিচ্ছে, কারা তাদের সংগঠিত করছে এবং কোথায় থেকে অর্থ ও বিস্ফোরক সরবরাহ করা হচ্ছে, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

সাম্প্রতিক নাশকতার ঘটনায় ককটেল ও অন্যান্য বিস্ফোরক ব্যবহারের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে। শুধু বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ কিংবা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেই তদন্ত শেষ করতে চায় না পুলিশ। বরং এসব বিস্ফোরক কোথায় তৈরি হচ্ছে, কারা উপকরণ সরবরাহ করছে এবং কীভাবে তা বিভিন্ন এলাকায় পৌঁছাচ্ছে, সেই উৎস খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা আমাদের সময়কে বলেন, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত, ককটেলের ধরন, ব্যবহৃত উপকরণ এবং বিভিন্ন ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি বিস্ফোরক তৈরির উপকরণ কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও নজরদারিতে রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

পুলিশের তদন্তসংশ্লিষ্টরা বলছেন, তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নাশকতার অর্থের উৎস। কারা অর্থ দিচ্ছে, কীভাবে অর্থ পৌঁছাচ্ছে, কারা মাঠপর্যায়ে তা বিতরণ করছে- এসব বিষয় অনুসন্ধান করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার মধ্যে সাংগঠনিক যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় নাশকতায় জড়িত ব্যক্তিদের বাড়িতে অভিযান চালানোর বিষয়টিও রয়েছে। মাঠপর্যায়ের পুলিশকে নিজ নিজ এলাকার অপরাধপ্রবণ স্থান, সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান এবং সাম্প্রতিক নাশকতার সঙ্গে সংশ্লিষ্টদের তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় একাধিকবার ককটেল বিস্ফোরণ কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অপরাধীদের সহযোগী ও আশ্রয়দাতাদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করবে পুলিশ।

সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক নাশকতার ঘটনায় নিরাপত্তা নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। নভেম্বর মাসের প্রথম দিন থেকেই রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত তিন দিনে সবচেয়ে বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে। পুলিশের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও ককটেল হামলার ঘটনা ঘটছে। দাঁড়িয়ে থাকা বাসে দেওয়া হচ্ছে আগুন। নাশকতাকারীদের ঠেকাতে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন পয়েন্টে দুই শতাধিক চেকপোস্ট বসানো হচ্ছে। পুলিশ কর্মকর্তাদের দাবি তাদের এই ব্যবস্থার কারণে বেশ কয়েকটি এলাকায় ককটেলসহ নাশকতাকারী ধরা পড়েছে।

পুলিশ সদর দপ্তরের বৈঠকে উপস্থিত ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ। তিনি গত রাতে আমাদের সময়কে বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এসআরবির পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার এসআরবির সব ব্যাটালিয়ন সিওদের হেডকোয়ার্টার্সে ডাকা হয়েছে। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং নতুন কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হবে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেছেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার, সিসি ক্যামেরা ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সংঘটিত প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে পুলিশ সদর দপ্তরের বৈঠকে আইজিপি আলী হোসেন ফকির সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেপ্তার না করার জন্য মাঠ পুলিশকে নির্দেশ দিয়েছেন। অভিযানে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে বলেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews