
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, “নির্বাচনের সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছি, তার চেয়েও বেশি কিছু মানুষের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।”
শনিবার (১৯ সেপ্টেম্বর) মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী নারী কল্যাণে ফ্যামিলি কার্ড পরিকল্পনা বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি এলাকার প্রতিটি ঘরে সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য এলাকার জনপ্রিয় নারী নেতৃত্ব খুঁজে বের করে দলের কাছে উপস্থাপনের জন্য ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দেন রাজীব আহসান। একই সঙ্গে স্থানীয়ভাবে জনপ্রিয় নয়—এমন ব্যক্তিদের দলীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার নির্দেশনা দেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল সদর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিনসহ উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।