পটুয়াখালীতে ১,৬১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশিত :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
১৩
0 বার সংবাদি দেখেছে
মোঃ ইয়াহিয়া সাকুর, পটুয়াখালী প্রতিনিধি // পটুয়াখালীর দুমকিতে ১,৬১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে একজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কলাপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে অপর মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শরীয়তপুরের নড়িয়া থানার মোস্তাফিজুর রহমান (৩২), বর্তমানে শেরে বাংলা নগর থানা এলাকায় বসবাসকারী এবং পটুয়াখালীর কলাপাড়া থানার মো. আসাদুজ্জামান হাং ওরফে ভুলু আরিফ (৪৩)।
পুলিশ জানায়, রোববার রাতে দুমকি থানা পুলিশের একটি দল লেবুখালী টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি যাত্রীবেশে একটি মাইক্রোবাসে করে স্কুলব্যাগের মধ্যে ইয়াবা নিয়ে বরিশাল থেকে পটুয়াখালীর দিকে আসছেন।
সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সুমন চন্দ্র হাওলাদারসহ পুলিশের একটি দল লেবুখালী টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে সন্দেহভাজন মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালকের পাশের আসনে থাকা মোস্তাফিজুর রহমানের সঙ্গে থাকা জলপাই রঙের স্কুলব্যাগ তল্লাশি করে ১,৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর রহমান জানান, তিনি কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে পটুয়াখালীর কলাপাড়া এলাকায় আসাদুজ্জামান হাং ওরফে ভুলু আরিফের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসাদুজ্জামান হাং ওরফে ভুলু আরিফকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ১,৬১০ পিস ইয়াবা ছাড়াও একটি সাদা-কালো ও নীল রঙের হাফপ্যান্ট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি জলপাই রঙের স্কুলব্যাগ, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটি ১০ আগস্ট দায়ের করা হয়। গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ চক্রের সঙ্গে আরও যারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।