
রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে প্রবেশ করেছে মুবিন মাঝি নামে এক যুবক। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফার্মগেটের খামারবাড়িতে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আটক মুবিন মাঝি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে মুবিন মাঝি মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে যান। এ সময় তিনি গাড়ির পাশে এসে তাকে সালাম দেন। পরে ঘটনাস্থলেই তাকে আটক করে পুলিশ।
জানা যায়, আটক মুবিন মাঝি দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃত ইউনুস মাঝির ছেলে। তার পরিবারের একাধিক সদস্যও শিক্ষকতা ও স্থানীয় সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
তার এক চাচা ইদ্রিস মাঝি অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন দীর্ঘদিন যাবত। অপর চাচা প্রয়াত ইউসুফ মাঝি সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যানারে ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন।
আরেক চাচা শাহিন মাঝি বর্তমান কমিটিতে দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুবিন মাঝি একসময় এলাকায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে ছিলেন। পরে ঢাকায় ফিরে মটরসাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ করেন। বর্তমানে তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন।
মুবিন মাঝির চাচা বিএনপি নেতা শাহিন মাঝি বলেন, মুবিনের বাবা ইদ্রিস মাঝি গত ৬ মাস আগে মারা গেছেন। মুবিন জীবিকার তাগিদে ঢাকায় মটরসাইকেলে রাইড শেয়ারিং করে। বাড়িতে শুধু মুবিনের মা থাকে। মুবিন স্ত্রী ও ছেলেকে নিয়ে ঢাকায় থাকেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ঢুকে যাওয়া আটক যুবকের সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।