
বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে লালন বিশ্ব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘কবির-লালন ভাব সংগীত উৎসব’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সুর, সংগীত ও ভাববাদের এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্ত কবির ও লালন শাহের দর্শন মানুষকে অসাম্প্রদায়িকতা, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজে শান্তি প্রতিষ্ঠায় লালনের ভাবসংগীত ও ভাবধারার চর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুনুর রশিদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠক অধ্যাপিকা ফয়জুন্নাহার শেলী।
উৎসবে লালনের দর্শন ও ভাবধারাভিত্তিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।