
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালের নতুন বাজারস্থ আদিশ্মাশান অমৃত অঙ্গনে পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর ১০৩তম শুভ আবির্ভাব তিথি ও রাধাষ্টমী উপলক্ষে দিনব্যাপী ‘আনন্দ যজ্ঞ-১৪৩৩ বঙ্গাব্দ’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় ও ভাবগম্ভীর কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ সেবাশ্রম বিভাগীয় মন্দিরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অমৃত গ্রুপ অব কোম্পানির স্বত্বাধিকারী শ্রী বিজয় কৃষ্ণ দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেবাশ্রম, বরিশালের সভাপতি শ্রী দীপক কুমার হালদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের বরিশাল অঞ্চলের সাবেক পরিদর্শক শ্রী ভানু লাল দে, বরিশাল মহানগর হাসপাতালের ডায়রেক্টর মো. এনামুল হাসান তাসনিম, বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া শাখার সভাপতি শ্রী বাবুল কৃষ্ণ হাওলাদার, ডা. তুষার কান্তি হালদার, শ্রী শংকর কুমার সরকার এবং সোনালী ব্যাংক পিএলসির বরিশাল কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার শ্রী সুব্রত মন্ডল।
এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি, আমন্ত্রিত সুধীজন ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়।