
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া দেখা যায়। একই সঙ্গে বিস্ফোরণের স্থান থেকে কাদামাটি ছিটকে আশপাশে থাকা লোকজনের শরীরে এসে পড়ে। এতে মুহূর্তের মধ্যে আদালত প্রাঙ্গণে আতঙ্কের সৃষ্টি হয়।
বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ বলেন, ‘আমরা কোর্টে প্রবেশের কিছু সময় পরই বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমার মনে হচ্ছে, এটি নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামী ১৬ আগস্ট আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন বরিশালে আসবেন। হয়তো সেই উদ্দেশ্যেই, সামনে ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতা ও আতঙ্ক সৃষ্টি করতে ফ্যাসিস্টদের দোসররা এটি করতে পারে। আদালত চত্বর সিসি ক্যামেরার আওতায় রয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলেই সত্যতা বেরিয়ে আসবে।’
একই দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন। তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেই আসামিদের প্রশাসন এখনো গ্রেপ্তার করতে পারেনি। তাদের গ্রেপ্তার করতে না পারায় আমার মনে হচ্ছে, তারা (আওয়ামী লীগ) আইন অঙ্গনের ওপর এই আঘাত করেছে। এর মাধ্যমে তারা সতর্ক করে দিল, আমরা মাঠে রয়েছি এবং মাঠে থেকে প্রশাসনের ভিত নাড়িয়ে দেব। সেইভাবেই আমাদের হুমকি দেওয়ার মতো একটি ঘটনা তারা আজ এখানে ঘটিয়েছে।