
নিজস্ব প্রতিবেদক // বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়েছে। এতে ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের আশোকাঠি নির্মাণাধীন মডেল মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে ইউরো স্টার লাইন পরিবহনের একটি এসি বাস বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আশোকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পরে যায়। এতে ৫ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
গৌরনদী হাইওয়ে থানার এসআই সরিফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন। রেকার দিয়ে বাসটি উত্তোলনের চেষ্টা চলছে। নিয়ন্ত্রণ হারানোর কারণ খতিয়ে দেখে পরবর্তীতে আইনত ব্যবস্থা নেওয়া হবে।