নিজস্ব প্রতিবেদক // মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে বরিশালের বানাড়ীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও চালকদের সঙ্গে লোকাল বাসের শ্রমিকদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। পরে থ্রি-হুইলারের মালিক ও শ্রমিকরা স্থানীয় প্রভাব বিস্তার করে প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটক করেন। পরে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
হঠাৎ করে নথুল্লাবাদ বাসটার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, টার্মিনালে অপেক্ষায় থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে থ্রি-হুইলার চালক বা মালিকদের বক্তব্য পাওয়া যায়নি। বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, যাত্রীদের দুর্ভোগ লাগবে বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।