
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি // বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে পুলিশের বর্বরোচিত হামলা, অভিযান, নেতাকর্মীদের গণগ্রেপ্তার, হয়রানি ও হতাহত করার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন জেলা ও নগর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরিশাল মহানগর ও জেলা দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহনগরের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট আক্তার হোসেন মেবুল, যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মাহানগর বিএনপির সদস্য সাইফুল আহসান দিপু, মহানগর সদস্য আবদুল হালিম মৃধা, আ ন ম সাইফুল আলম দিপু প্রমুখ।
বক্তারা বলেন, বুধবার বিএনপির নেতাকর্মীরা ঢাকায় বিএনপির নয়াপল্টনে জড়ো হয়েছিল সমাবেশের স্থান জানতে। কিন্তু দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের পুলিশ বাহিনী নির্বিচারে পিটিয়ে আহত করেছে। আমাদের একজনকে গুলি করে হত্যা করেছে।
বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে না। বিএনপি এ দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করে। এ সময় বক্তারা ১০ তারিখের সমাবেশ সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
এদিকে সমাবেশ ঘিরে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
Leave a Reply