1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা স্বাধীন বাংলাদেশের লজ্জা: জি এম কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা স্বাধীন বাংলাদেশের লজ্জা: জি এম কাদের

  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, স্বাধীন বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধার শেষবিদায়ের মর্যাদা রক্ষা করতে না পারা জাতির জন্য লজ্জাজনক। এ ঘটনা মুক্তিযুদ্ধের মর্যাদা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির জন্য গভীর উদ্বেগের।

আজ সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে জি এম কাদের এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদী হয়ে সাক্ষ্য দিয়েছিলেন। মৃত্যুর পরও তাকে নির্বিঘ্নে সমাহিত করা যায়নি। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর গভীর রাতে পুলিশ পাহারায় তাকে দাফন করা হয়।

পরিবারের অভিযোগের উল্লেখ করে জি এম কাদের বলেন, খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে দেওয়ায় মানিক পশারীর মেয়ে ও দুই বোন মুঠোফোনের আলোয় নিজেরাই কবর খুঁড়েছেন। এমন ঘটনা শুধু হৃদয়বিদারক নয়, রাষ্ট্র ও সমাজের জন্যও অশনিসংকেত।

পিরোজপুরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করে তিনি বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে কোনো মৃত ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ন করা বা শোকাহত পরিবারকে হয়রানি করার অধিকার কারও নেই। এ ধরনের আচরণ ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিরও পরিপন্থী।

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে পুলিশ লাইনসে গোপনে গার্ড অব অনার দেওয়ার খবরেও উদ্বেগ প্রকাশ করে জি এম কাদের বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে কেন আড়ালে রাষ্ট্রীয় সম্মান দিতে হবে, সেই প্রশ্নের জবাব প্রশাসনকে দিতে হবে। এ ধরনের পরিস্থিতি মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় সরকারের দৃঢ়তা নিয়েও প্রশ্ন তোলে। স্বাধীনতাবিরোধী কোনো শক্তির চাপে প্রশাসন নতি স্বীকার করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে জি এম কাদের বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার পাশাপাশি দেশের সব নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। মানিক পশারীর দাফন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা ও সম্ভাব্য গাফিলতি খতিয়ে দেখতে হবে। এ ঘটনায় সরকার দায় এড়াতে পারে না।

তিনি অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মানিক পশারীর কবর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলোর পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের সুরক্ষা দেওয়ার দাবি জানান।

বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন জি এম কাদের বলেন, যারা দেশ স্বাধীন করেছেন, তাদের শেষবিদায়ের মর্যাদাও যদি রক্ষা করতে না পারি, সেই ব্যর্থতা গোটা জাতির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews