
ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. রাকিব (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুগিরঘোল মোড়ের পশ্চিম পাশে মেসার্স আলম মেডিকেল হলের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই মো. আবু ইউসুফ। এ সময় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মহাসড়কে অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়।
আটক রাকিব কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নওয়াপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।