
বগুড়ার ধুনটে যুবদল নেতা জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সাগর ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
ভিডিওতে দেখা যায়, একটি ঘরের বারান্দায় খাটের ওপর বসে জহুরুল ইয়াবা সেবন করছেন। জহুরুলের সঙ্গে থাকা কোনো ব্যক্তি তার অজান্তে ভিডিওটি করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ভিডিওতে তার সঙ্গে আরেক ব্যক্তি থাকলেও ওই ব্যক্তির চেহারা স্পষ্ট নয়। তবে জহুরুল ইসলামকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুলের বিরুদ্ধে আগে থেকেই মাদক সেবন ও বিক্রির অভিযোগ থাকলেও তা নিয়ে কেউ মুখ খুলতে সাহস করছিলেন না। তবে মাদক সেবনের ভিডিও প্রকাশ পাওয়ার পর এলাকাজুড়ে সমালোচনা চলছে।
এ বিষয়ে জানতে যুবদল নেতা সাগরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, যুবদলে কোনো মাদকসেবী কিংবা সন্ত্রাসীদের জায়গা হবে না। ভিডিওটি নজরে পড়েছে। ইতোমধ্যে ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।