
সোহেল খন্দকার(ঝালকাঠি)প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ রাজিব হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মো. তাছবির শরীফ (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠির সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার রাজিব হাওলাদার (পিতা—মৃত রবীন্দ্রনাথ হাওলাদার) নৈকাঠি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীবের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে রাজিব হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, একই সময়ে ২০০ পিস ইয়াবাসহ মো. তাছবির শরীফ (২৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতুরিয়া গ্রামের মো. মান্নান শরীফের ছেলে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।