নিজস্ব প্রতিবেদক // রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, ‘উলামাদের রক্ত-ঘামে অর্জিত পটপরিবর্তনের পর রাষ্ট্র পুনর্গঠনে তাদের উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয়নি। তাই সরকারকে বলবো জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করুন।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, এই অঞ্চলের ইতিহাসের এক নির্মম সত্য হলো প্রতিটি পটপরিবর্তনে উলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেন। কিন্তু পরে রাষ্ট্র পুনর্গঠনের কাজে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করা হয় না। ফলে যে প্রত্যাশা নিয়ে মানুষ জীবন-রক্ত উৎসর্গ করে পটপরিবর্তন করে তা আর পুরণ হয় না।
প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, ডেঙ্গু-হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে কোনো ধরনের তৎপরতা নেই। জনদুর্ভোগ লাঘবেও সরকারের উদাসীনতা লক্ষণীয়। একের পর দাম বাড়িয়ে সব সংকট মানুষের ওপরে চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি বলেন, পরিস্কার করে বলি দাম বাড়িয়ে সংকট সমাধান না করে সমস্যার গভীর থেকে সমাধান করার চেষ্টা করুন।
চরমোনাই পীরসহ দেশের শতাধিক জাতীয় আলেমের অংশগ্রহণে কেআইবিতে অনুষ্ঠিত হয় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট। সকাল ৯টা থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এ সম্মেলন শুরু হয়।
দুপুরে দেশের সহস্রাধিক ওলামা মাশায়েখের সম্মুখে এবং দেশের সর্বস্তরের ওলামা মাশায়েখদের প্রতি দেশের চলমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বক্তব্য শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির কেন্দ্রীয় সভাপতি মুফতী মিজানুর রহমান সাঈদ, সিনিয়র সহ-সভাপতি ড. আফম খালিদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী।
মঞ্চে উপস্থিত ছিলেন মুনাজেরে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন, মুফতী শামসুদ্দোহা আশরাফীসহ ওলামা মাশায়েখ নেতারা।