
খাগড়াছড়ির রামগড় থেকে শ্যালিকা অপহরণের পর ঢাকায় নিয়ে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সাকিবুল ইসলাম রাজু নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২০ জুলাই) সকালে খাগড়াছড়ি আমলি আদালতে সোপর্দ করলে যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে রোববার (১৯ জুলাই) রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জুন সকাল ৭টা ৪৫ মিনিটের সময় রামগড়-বারৈয়ারহাট রাস্তা থেকে ভুক্তভোগী কিশোরী (১৩) অপহৃত হয়। মেয়ে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রামগড় থানায় ডায়েরি করেন তার মা।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ২৭ দিন পর রোববার অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। মেয়েকে উদ্ধারের সংবাদ পেয়ে থানায় এসে মেয়ের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারে, ভিকটিমের আপন ভগ্নিপতি সাকিবুল ইসলাম রাজু প্রেমের ফাঁদে ফেলে কৌশলে অপহরণ করে ঢাকার উত্তরায় নিয়া যায়। সেখানে অজ্ঞাত একটি ভাড়া বাসায় শ্যালিকাকে আটক রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, ঘটনার পর থেকে আসামি মোবাইলসহ ইন্টারনেট ভিত্তিক সব ডিভাইস বন্ধ রাখে। দীর্ঘ চেষ্টার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহৃতকে উদ্ধার করা হয়েছে। অপহৃতার মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের মামলা করেছেন। অভিযুক্তকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।