
পটুয়াখালীর কুয়াকাটায় সংবাদ প্রকাশকের জেরে দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি ও পরিবেশকর্মী কেএম বাচ্চুকে হাতুড়িপেটা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পর্যটন নগরীর হোটেল সৈকতের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীদের হাতুড়ির একাধিক আঘাতে গুরুতর আহত সংবাদকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বাইজিদ রানা ও হারুন মুসল্লির নেতৃত্বে বেশ কয়েকজনের একটি দল কেএম বাচ্চুর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হাতুড়ি দিয়ে তার মাথা ও দুই পায়ে এলোপাতাড়ি পেটালে তিনি গুরুতর আহত হন। পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
এদিকে সংবাদকর্মীর ওপর এমন ন্যক্কারজনক হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে সাংবাদিক মহল। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে দোষীদের চিহ্নিত করে আটকের পর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের আটকে অভিযান চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।