
গৌরনদী প্রতিনিধি // দীর্ঘ এক দশকের বিরতি শেষে নতুন একক ডিজিটাল অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে ফিরেছেন বরিশালের গৌরনদীর কৃতি সন্তান ও জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। তাঁর নতুন অ্যালবামের নাম ‘কেউ বুঝলো না’। পরিবর্তিত অডিও-ভিজ্যুয়ালের এই সময়ে বাংলা গানের ঐতিহ্য, আবেগ ও নিজস্ব সুরধারাকে ধারণ করেই অ্যালবামটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ‘কেউ বুঝলো না’ অ্যালবামে রয়েছে মোট ৯টি গান। ভিন্ন ভিন্ন ভাবনা ও সুরের বৈচিত্র্যে সাজানো গানগুলোর কথা লিখেছেন তরুণ মুনশী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সালাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান। গানগুলোর সুর করেছেন তরুণ মুনশী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির ও আলামিন সরকারসহ দেশের একাধিক গুণী শিল্পী ও সংগীত পরিচালক। অ্যালবামের একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। দীর্ঘ বিরতির পর নতুন অ্যালবাম প্রকাশের অনুভূতি জানিয়ে কাজী শুভ বলেন, বাংলা গানের ঐতিহ্য, আবেগ ও স্বকীয়তাকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর এ উদ্যোগের মূল লক্ষ্য। দীর্ঘ ১০ বছর পর প্রিয় শিল্পীর একক অ্যালবাম প্রকাশের খবরে গৌরনদীর স্থানীয় সংগীতপ্রেমীদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস। নিজ এলাকার শিল্পীর নতুন সৃষ্টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সংগীতাঙ্গনেও। গৌরনদীর মাটি থেকে উঠে আসা কাজী শুভর কণ্ঠের নতুন এই গানগুলো এখন পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের শ্রোতাদের কাছে। দীর্ঘ বিরতির পর প্রকাশিত ‘কেউ বুঝলো না’ অ্যালবামটি তাই কাজী শুভর সংগীতযাত্রায় নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।