
আজ সোমবার এ কর্মসূচিকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়েছে। সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ-অভ্যুত্থানের অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
সভায় ন্যায়বিচার, রাষ্ট্রীয় জবাবদিহি এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের ঘোষিত কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ৩৬ দিনের এ কর্মসূচিতে পদযাত্রা, পথসভা ও সমাবেশের মাধ্যমে জনগণের কাছে দাবিগুলো তুলে ধরার কথা জানিয়েছে সংগঠনটি। পদযাত্রাটি ২১ অক্টোবর উত্তরবঙ্গ থেকে ঢাকায় প্রবেশ করে শাহবাগের শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে সমাবেশ করবে বলে সভায় জানানো হয়। এরপর দক্ষিণাঞ্চলের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখার কথা রয়েছে।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা বলেন, ‘মার্চ ফর ইনসাফ’-এর তিন দফা দাবির মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন রয়েছে। আগামী ৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীর দিনে তেঁতুলিয়া থেকে কর্মসূচি শুরু হবে। ৩৬ দিনের এ পদযাত্রায় জনগণের কাছে এসব দাবির কথা তুলে ধরা হবে।’
কর্মসূচির নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের বিশ্বাস জনগণই এ কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ দলীয় পরিচয়ের বাইরে এসে ন্যায়বিচারের দাবিতে তাদের সঙ্গে যুক্ত হবে।’