গাজার মিডিয়া অফিস জানিয়েছে যে, গত তিন সপ্তাহে ইসরায়েলি বাহিনী বোমা হামলার মাধ্যমে ২০৩টি স্কুল এবং ৮০টি সরকারি অফিস ধ্বংস হয়েছে। গাজার মিডিয়া অফিসের পরিচালক সালামা মারুফ আল জাজিরা আরবিকে জানান যে, ব্যাপক বোমা হামলার কারণে দুই লাখ ২০ হাজার আবাসন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩২ হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এর আগে, গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে যে ইসরায়েলের সেনাবাহিনী একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র এবং ১৫০০ এরও বেশি বাস্তুচ্যুত লোকের বাসস্থান একটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়েছে।
এছাড়া গাজায় ইসরায়েলের স্থল অভিযানের সময় গোলাবর্ষণ ও বুলডোজারের মাধ্যমেও বেসামরিক সম্পত্তি ধ্বংস করা হয়েছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাতে গাজায় ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে শিশুর সংখ্যাই তিন হাজারের বেশি এবং ২ হাজারের বেশি নারী রয়েছে। এছাড়া অব্যাহত এ সহিংসতায় আহত হয়েছেন অন্তত ২০ হাজার ফিলিস্তিনি।’








