নিজস্ব প্রতিবেদক // বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “জনগণ প্রত্যাশা করছে ৭ জানুয়ারি একদলীয় ডামি নির্বাচন বর্জনের দাবিতে গণকারফিউ কর্মসূচি দেওয়া হোক।” তিনি বলেন, “১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধান রক্ষার্থে যে নির্বাচন করেছিলেন, সেই সময় আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, ১৫ ফেব্রুয়ারি গণকারফিউ কর্মসূচি পালন করা হবে।
আজকে বিএনপির মতো বড় দলকে বাইরে রেখে যে একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, জনগণ প্রত্যাশা করে আগামী ৭ জানুয়ারিও গণকারফিউ কর্মসূচি দেওয়া হোক।” বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে নির্বাচন বর্জনের দাবিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, “৭ জানুয়ারির নির্বাচনকে জনগণ আগে বলা শুরু করেছিল ‘ভাই আর ডামি’। এখন বলা শুরু করেছে ৪ পুত্রের নির্বাচন, নৌকা, ট্রাক, ঈগল আর পালক পুত্রের লাঙ্গল। তাই আমরা মনে করি, দেশে গণতন্ত্র এবং মানবাধিকার ফেরানোর জন্য বিএনপি যে আন্দোলনে আছে এই আন্দোলন ইনশাল্লাহ চলবে। সরকার বাধ্য হবে একদলীয় ডামি নির্বাচন বাতিল করতে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে, কঠোর আন্দোলনের বিষয়ে বিএনপি নিশ্চয়ই চিন্তা করবে।” এসময় সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল রানা, কৃষকদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট, তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী, মহিলা দলের নেত্রী ফারজানা কাকন প্রমুখ উপস্থিত ছিলেন।








