
উজিরপুর প্রতুনিধি।। বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা, মূল্যতালিকা না রাখা এবং প্রতিশ্রুত পণ্য বিক্রি না করার অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র ও ইন্দ্রানী দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা ও মূল্যতালিকা না রাখার অপরাধে মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারকে ১২ হাজার, আদি ধামুরা মিষ্টান্ন ভাণ্ডারকে ২২ হাজার এবং গোপী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া প্রতিশ্রুত পণ্য বিক্রি না করা ও মূল্যতালিকা না রাখায় আপন কসমেটিকসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এসএম ইলিয়াস উদ্দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে আনসার বাহিনীর একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।