নিজস্ব প্রতিবেদক // ‘বিশ্বের পাঁচজনের একজন হিসেবে অনুমতি ছাড়াই কাবা শরীফে ঢুকতে পারেন সাঈদী’, কিংবা ‘তৃতীয় ব্যক্তি হিসেবে কাবায় সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে’, যুদ্ধাপরাধী ও জামায়াতের নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর এমন দুইটি লেখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই দুটি ছাড়াও আরও কয়েকটি লেখা পোস্ট করতে থাকেন সাঈদীর অনুসারীরা।
এবারেই প্রথম নয়, স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার মামলায় ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
এরপর চাঁদের ছবির সঙ্গে সাঈদীর ছবি মিলিয়ে সুপার এডিট করে ‘বাঁশের কেল্লা’ ফেসবুক পেজে আপলোড করা হয়। শুরু হয় সহিংসতা। ওই দিনই সারা দেশে ৩৭ জনের মৃত্যু হয়। পরদিন শুক্রবার দেশের বিভিন্ন স্থানে নিহত হয় ৩ জন ও শনিবার ৬ জন।
পরদিন রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত। এর আগের রাতে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে, ফোন দিয়ে সাঈদীর মুখ চাঁদে দেখা গেছে বলে প্রচার করা হয়।
গভীর রাতে মসজিদের মাইক ব্যবহার করে বলা হয়, ‘চাঁদের গায়ে সাঈদীর মুখ দেখা যাচ্ছে। তার মানে, তিনি ঈমানদার লোক। তাকে বাঁচানো সবার ঈমানি দায়িত্ব।’গুজবে বিভ্রান্ত হয়ে ভোররাতে চাঁদ দেখতে ঘরের বাইরে বেরিয়ে আসে কুসংস্কারাচ্ছন্ন মানুষ। কেউ কেউ ঘরের ছাদে উঠে চাঁদ দেখা শুরু করে। মোবাইল ফোনগুলো সচল হয়ে ওঠে। একে-অপরকে বলেন চাঁদে সাঈদীকে দেখতে।
সেই রাতে মানুষের অভাবিত আচরণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে গভীর রাতে ঘুমন্ত মানুষকে ডেকে তোলা হয়। চাঁদ ও সাঈদীকে নিয়ে গুজব তাদের মধ্যে তৈরি করে এক ধরনের হ্যালোসিনিয়েশন।
এই সুযোগ কাজে লাগিয়ে চক্রটি শুরু করে ভয়ংকর তাণ্ডব। চলে গানপাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ, বোমা-ককটেল বিস্ফোরণ, লুটপাট, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ। হামলা চালানো হয় থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে। সবচেয়ে বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হয় বগুড়ায়।
সেখানে পাঁচটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়িতে একযোগে হামলা করা হয়। কয়েকটি ফাঁড়ি পুড়িয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আব্দুল মান্নানের চকলোকমানের বাসভবন, আওয়ামী লীগের জেলা সভাপতি মমতাজ উদ্দিনের কালিতলা বাসভবন পুড়িয়ে দেয় সাঈদীর ভক্ত-অনুসারীরা।
প্রাণ নিয়ে পালান পুলিশ সদস্যরা। নন্দিগ্রামে উপজেলা পরিষদ ভবনের ১৬টি অফিস, থানা ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা চালানো হয়। ওই দিন সারা দেশে নিহত হয় ২১ জন। এর মধ্যে বগুড়া জেলায় ১৮ জন। সব মিলিয়ে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত পাঁচ দিনে ৬৭ জন মারা যান ওই গুজব থেকে সৃষ্ট তাণ্ডবে।
এদিকে ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সাঈদীর মৃত্যু হয়। এর পরেও একইভাবে ‘গুজব’ ছড়াতে থাকে তার অনুসারীরা। কল্পনাপ্রসূত বহু পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়তে থাকে সাঈদীর অনুসারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে।
সাঈদীর মৃত্যু ঘিরে যত গুজব, সত্য জানাল ফ্যাক্ট চেকাররা
সাঈদীর জানাজা দাবি করে লোকে লোকারণ্য একটি ছবি প্রকাশ করে বলা হয়, সাঈদীর জানাজায় লাখো মানুষের ভিড়। কিন্তু দেখা যায়, ওই ছবিটি আসলে ২০২০ সালের নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার একটি জানাজার ছবি।
আরেকটিতে এডিট করা ছবি দিয়ে দেখানো হয়, সাঈদী কাবা শরীফ থেকে বের হয়ে আসছেন। আসল ছবিটি প্রকাশ করে ফ্যাক্ট চেকাররা জানান, ওই ছবিটিতে কাবা শরীফ থেকে বের হয়ে আসা ব্যক্তিটি নাইজেরিয়ার প্রেসিডেন্ট। তবে তার মুখের জায়গায় এডিট করে সাঈদীর ছবি বসানো হয়েছে।
অন্য আরেক ছবিতে, বিশ্বের পাঁচজনের একজন হিসেবে অনুমতি ছাড়াই কাবা শরীফে ঢুকতে পারেন সাঈদী এমন দাবি করা হয়। এই দাবিকেও মিথ্যা বলে জানিয়ে ফ্যাক্ট চেকাররা জানান, এক সময় কাবা শরীফে সবাই ঢুকতে পারতেন। বর্তমানে শুধু গণ্যমান্যদের ঢুকতে দেওয়া হয়। আর সাঈদীর ছেলের দাবি অনুযায়ী, সাঈদী তার জীবনে একবার কাবায় ঢুকেছেন।
আরেকটিতে বলা হয়, তৃতীয় ব্যক্তি হিসেবে কাবায় সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ফ্যাক্ট চেকাররা জানান, এই দাবিটিও মিথ্যা। আদতে সেদিন এমন কোনো গায়েবানা জানাজা হয়নি। এছাড়া কাবায় গায়েবানা জানাজা প্রায়ই হয়ে থাকে।
সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি ভিডিও প্রকাশ করে বলা হয়, সৌদি প্রিন্স কর্তৃক কাবায় সাঈদীর গায়েবানা জানাজার অনুমোদন দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেকাররা জানান, এই দাবিটিও মিথ্যা।
এমনকি কাবা শরীফের ইমাম টুইটারে শোক জানিয়েছে দাবি করে আরেকটি পোস্ট করা হয়। এটিও মিথ্যা বলে জানিয়েছেন ফ্যাক্ট চেকাররা।








