
নিজস্ব প্রতিবেদক // ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর অংশে সড়ক দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংকের এক কর্মচারী নিহত হয়েছেন।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রিপন বিশ্বাস (৪৩)। তিনি আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মৃত সুদেব বিশ্বাসের ছেলে এবং গ্রামীণ ব্যাংকের উজিরপুর শাখায় কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬১০৫) বেপরোয়া গতিতে এসে রিপন বিশ্বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় সাকুরা পরিবহণের চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।