
নিজস্ব প্রতিবেদক // মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজ বিএনপির মিডিয়া সেলে দেওয়া পোস্টে শেয়ার করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে মাতৃভাষা দিবসকে কেন্দ্র ২১ ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনার এলাকায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানেও হবে না। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় স্বেচ্ছাসেবক ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে শহিদ মিনারসহ আশপাশ এলাকায়।
এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে থাকবে বোম্ব ডিস্পোজাল, সিসিটিভি ক্যামেরা, ডগ স্কোয়াডসহ নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা।
তিনি আরও জানান, কেন্দ্রীয় শহিদ মিনার ও আশেপাশে ৬৪টি সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চলবে। এ ছাড়া দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র্যাব মহাপরিচালক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবিষ্যতে আর ভালো হবে। র্যাব সতর্ক আছে, আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে। দাবি আদায়ের নামে জনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে দেওয়া হবে না।