
নীলফামারী প্রতিনিধি // বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রশিদুল ইসলাম (বাঙালী), যুবনেতা এম ডি শরিফুল ইসলাম বাবু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার ভুট্টু, শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, আলমগীর হোসেন, আসাদুল ইসলাম হাসু, মোবারক হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কমেট চৌধুরী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, “হাজারো ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত এই ভাষা ও স্বাধীনতার ইতিহাস আমরা কখনো ভুলতে পারি না। ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের চেতনাই আমাদের প্রেরণার উৎস।” তিনি আরও বলেন, জনগণের কল্যাণে আদর্শিক শক্তি হিসেবে বিএনপি কাজ করে যাবে। এ সময় শরিফুল ইসলাম বাবু বলেন, মহান ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবময় একটি দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাষা আন্দোলনের আত্মত্যাগকে স্মরণ করিয়ে দেয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহ্বান জানান।