
নিজস্ব প্রতিবেদক।।
নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বুধবার (২৪ জুন) ভোর সোয়া ৪টায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।
খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেয়। পরে তারা সীমান্তের শূন্য লাইনে অবস্থান করে।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনাটি জানার পরপরই বিজিবি সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন। তিনি বলেন, বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা না থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সীমান্তে পুশইনের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও সীমান্তরক্ষী পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।