
জুলাই শহিদ দিবস উপলক্ষে বরিশালে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, বিএনপিসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে দিবসটি উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে শহিদদের স্মরণে দোয়া, আলোচনা এবং স্মৃতিচারণমূলক কর্মসূচিও অনুষ্ঠিত হয়।